জামায়াত নিষিদ্ধে আদালতে রুবাইয়াত ফাতিমা তনি দাবিতে পুরোনো ভিডিও প্রচার

জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। ২০ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সদস্য সচিব রুবাইয়াত ফাতিমা তনি। তিনি একজন নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই ঘটনার প্রেক্ষিতে তনির আদালতে যাওয়ার একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হয়েছে, “জামায়াতকে নিষিদ্ধ করতে মাস্ক পড়ে আদালতে নারী উদ্ধোক্তা তন্নী”।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ৭ লক্ষ ৭৫ হাজারের বেশি বার।

একই দাবির ভিডিও দেখুন ফেসবুক, ইউটিউবে।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং রুবাইয়াত ফাতিমা তনিও জামায়াতকে নিষিদ্ধের জন্য আদালতে যাননি। প্রকৃতপক্ষে, গত বছরের নভেম্বরে সাবেক স্বামীর করা মামলায় তনির আদালতে হাজির হওয়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Discover বাংলা’ নামের একটি ফেসবুক পেজে গত বছরের ২৭ নভেম্বর প্রকাশিত একটি ভিডিওতে রুবাইয়াত ফাতিমা তনিকে আদালতের ভেতরে একই পোশাকে দেখা যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সাবেক স্বামীর করা মামলায় সেদিন আদালতে হাজির হন রুবাইয়াত ফাতিমা তনি।

একই দিন তনির আইনজীবী এডভোকেট জান্নাতুল ফেরদৌসের এক ফেসবুক পোস্ট থেকেও একই তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে জানতে এডভোকেট জান্নাতুল ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “এটি আগের ভিডিও। ২৭ (নভেম্বরের) তারিখের।” জামায়াত নিষিদ্ধের ব্যাপারে তারা কোনো আইনী পদক্ষেপ নেননি বলেও জানান এই আইনজীবী।

সুতরাং, জামায়াত নিষিদ্ধে আদালতে রুবাইয়াত ফাতিমা তনি দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: