গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। পরদিন ১৯ ডিসেম্বর তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছে। এরপর গতকাল (২০ ডিসেম্বর) লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
এই ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি হাদির জানাজা শেষে রাতে হিন্দি গানের তালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের নাচার দৃশ্য। একই ভিডিও হাদির জানাজা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-র জিএস সালাহউদ্দিন আম্মারের নাচের দৃশ্য দাবিতেও ছড়ানো হয়েছে।

ভিডিওটিসহ শিবিরকে জড়িয়ে ফেসবুকে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে।
আম্মারকে জড়িয়ে এক্সে প্রচারিত দাবি দেখুন: এখানে।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ওসমান হাদির জানাজার পরের নয়। প্রকৃতপক্ষে, এটি গত অক্টোবরে রাকসু নির্বাচনে পরাজিতদের আয়োজিত বনভোজনে নির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মারের নাচের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)-এর ফেসবুক পেজে গত ১৮ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়। উভয় ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের চেহারা, পোশাক, আশপাশের পরিবেশ এবং ব্যবহৃত গানের মধ্যে মিল রয়েছে।

রাবিসাসের ওই পোস্টের শিরোনামে উল্লেখ করা হয়, ‘বিজিতদের সঙ্গে যোগ দিলেন জিএস আম্মার ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফা’। একই দিন প্রকাশিত আরও কয়েকটি ভিডিও (১,২,৩) থেকেও জানা যায়, সেদিন রাকসুর বিজিত প্রার্থীদের সম্মিলিত আয়োজনে একটি বনভোজন অনুষ্ঠিত হয়।
সেদিন দেশ রূপান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজিতদের একাংশের উদ্যোগে বনভোজন ও পার্টির আয়োজন করা হয়। এতে ছাত্রদল, বামজোট সমর্থিত প্যানেলসহ বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। রাতে বিজয়ী জিএস সালাহউদ্দিন আম্মার সেখানে যোগ দিলে পরাজিত প্রার্থীদের সঙ্গে নাচ-গানে মেতে ওঠেন তিনি। ওই সময় পরাজিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীরকেও তার সঙ্গে নাচতে দেখা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি গত অক্টোবরের একটি অনুষ্ঠানের।
সুতরাং, পুরোনো একটি ভিডিওকে ওসমান হাদির জানাজার পরের দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- রাবিসাস – Facebook Post
- Desh Rupantor – রাকসুতে পরাজিতদের আয়োজনে যোগ দিলেন জিএস আম্মার


