চাঁদাবাজি নিয়ে রুহুল কবির রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বৈরাচারী সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে, এখন বিএনপির নেতারা সামান্য চাঁদাবাজি করাতে দেশের বড় কোনো ক্ষতি হবে না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুহুল কবির রিজভী আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়া, বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেল পর্যালোচনাতেও এ ধরনের কোনো মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘রাষ্ট্রের রসিকতা – State Satire’ নামের একটি ফেসবুক পেজে গত ২৪ জুন আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। উক্ত ফটোকার্ডে পেজের লোগো থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে লোগো মুছে ফেলা হয়েছে।

‘রাষ্ট্রের রসিকতা – State Satire’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, চাঁদাবাজি নিয়ে রুহুল কবির রিজভীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • রাষ্ট্রের রসিকতা – State Satire: Facebook Post
Share: