‘আওয়ামী লীগ কোনো ত্রাণ রেখে যায়নি’— রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

দেশে টানা অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে দেশের অন্তত ২০টি জেলা বন্যাকবলিত।

সম্প্রতি, এই বন্যায় দুর্গত মানুষদের সাহায্য করার বিষয়ে সরকারের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী ‘বন্যা মোকাবেলার জন্য বিগত আওয়ামী লীগ সরকার কোনো ত্রাণ রেখে যায়নি। তাই আমরা বন্যায় দুর্গত মানুষদের জন্য কিছু করতে পারছি না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটিকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে স্যাটায়ার এবং প্যারোডি’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘বন্যা মোকাবেলার জন্য বিগত আওয়ামী লীগ সরকার কোনো ত্রাণ রেখে যায়নি। তাই আমরা বন্যায় দুর্গত মানুষদের জন্য কিছু করতে পারছি না।’ শিরোনামে রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: