সম্প্রতি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘দেশে যখন হামের মত ছোটখাটো ব্যাপার ইস্যু বানানোর চেষ্টা হয়, তখন বুঝতে হবে সরকার সঠিক পথেই চলছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত রুহুল কবির রিজভী এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gupto Television’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ৯ এপ্রিল প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, হাম ইস্যু নিয়ে রুহুল কবির রিজভী ‘দেশে যখন হামের মত ছোটখাটো ব্যাপার ইস্যু বানানোর চেষ্টা হয়, তখন বুঝতে হবে সরকার সঠিক পথেই চলছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television – Facebook Post


