গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়। এরই প্রেক্ষিতে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘ভারতের সীমান্তে গিয়ে আপনারা চো’রাকা’রবারি করবেন, অবৈধভাবে অনুপ্রবেশ করবেন তাতে কোনো সমস্যা নাই, ভারত গুলি করে মারলেই যত সমস্যা’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের সীমান্তে হত্যা প্রসঙ্গে আলোচিত মন্তব্য করেননি রুহুল কবির রিজভী। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
রুহুল কবির রিজভী এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেল, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১১ মে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের ইস্যুতে রুহুল কবির রিজভীর একটি বক্তব্য পাওয়া যায়। গত ১০ মে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিল ২০২৬ এ বক্তব্যকালে রুহুল কবির রিজভী বলেন, ‘বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে। সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে? গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ তো ভারতের মানুষও চায় না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বারবার সীমান্ত রক্তাক্ত করবেন এভাবে তো ভালো সম্পর্ক হবে না। বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।’
উল্লেখিত বক্তব্যের কোথাও রিজভী আলোচিত কথাগুলো বলেননি।
সুতরাং, ভারতের সীমান্তে হত্যা প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bengali Steam: Facebook Post
- Prothom Alo – কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজশিক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহত
- Ittefaq – ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রিজভী


