সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের ভিডিও প্রচার করা হয়েছে যাতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আজকের সংসদে আরেকটি কথা বলে যাই। ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনও চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনও সম্ভব না। কোনদিন সম্ভব না।’
ভিডিওটিতে টেক্সট আকারে লেখা হয়েছে, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সংসদে রুমিন ফারহানার হুশিয়ারী। নতুন বাংলাদেশ গড়া কোন দিন সম্ভব না এই দেশের ৫২% মানুষ আওয়ামী লীগ।’
অর্থাৎ, দাবি করা হয়েছে, রুমিন ফারহানা আওয়ামী লীগ এর বিষয়ে আলোচিত বক্তব্যটি দিয়েছেন।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টটি এককভাবে প্রায় ৭২ হাজার বার দেখা হয়েছে এবং ৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে ৫২ শতাংশ মানুষ বলতে রুমিন ফারহানা আওয়ামী লীগকে বোঝাননি বরং, জনসংখ্যার ৫২ শতাংশ নারী বুঝিয়েছেন। প্রকৃতপক্ষে গত ৭ এপ্রিল জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে নারীদের সাথে বৈষম্যের/অবহেলার প্রতিবাদ জানিয়ে জনসংখ্যার ৫২ শতাংশ নারীকে পেছনে ফেলে ‘নতুন বাংলাদেশ’ রচনার চিন্তা সফল হবে না বলে মন্তব্য করেন রুমিন ফারহানা।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘ইনডিপেনডেন্ট টিভি’র ইউটিউব চ্যানেলে গত ৭ এপ্রিলে প্রচারিত একটি ভিডিওতে সংসদে রুমিন ফারহানার বক্তব্যের একাংশের ভিডিও পাওয়া যায়। উক্ত ইউটিউব ভিডিওতে টিকটকে প্রচারিত রুমিন ফারহানার বক্তব্যের অংশসহ আরো বাড়তি কিছু অংশ পাওয়া যায়।

‘ইনডিপেনডেন্ট টিভি’র ইউটিউব ভিডিওতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘‘..আমি খুব বিনয়ের সাথে বলি, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। একঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা এক বছর পার না হতেই হারিয়ে গেলেন কেন? সাত জন নারী সাংসদের এই সংসদে সেই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রেখে যাচ্ছি। মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়। পুলিশের টিয়ারশেল লাঠি চার্জের সামনে নারী ঢাল হয়ে দাঁড়ায়। অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না। আর সবকিছু যখন ঠিক হয়, তখন নারী হয়ে যায় ট্রলের বস্তু। নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, নারীর হাসি– সবকিছুই তখন হাসির খোরাকে পরিণত হয়। মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আজকের সংসদে আরেকটি কথা বলে যাই। ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনও চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনও সম্ভব না। কোনদিন সম্ভব না।’
রুমিন ফারহানার উক্ত বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট যে ৫২ শতাংশ মানুষ বলতে রুমিন ফারহানা আওয়ামী লীগকে বুঝাননি বরং, জনসংখ্যার ৫২ শতাংশ নারী বুঝিয়েছেন এবং নারীদের সাথে বৈষম্যের/অবহেলার প্রতিবাদ জানিয়েছেন। রুমিন ফারহানার আলোচিত বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো উল্লেখ পাওয়া যায়নি।
এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে বাংলানিউজ২৪, বাংলা ট্রিবিউনসহ একাধিক মূলধারার সংবাদমাধ্যমে রুমিন ফারহানার উক্ত বক্তব্যের প্রেক্ষিতে প্রচারিত প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদনে বলা হয়, রুমিন ফারহানা আলোচিত বক্তব্য নারীদের প্রতি বৈষম্য তুলে ধরার প্রেক্ষিতে করেছেন।
সুতরাং, নারীদের সাথে বৈষম্যের/অবহেলার প্রতিবাদ জানিয়ে রুমিন ফারহানার বলা বক্তব্যকে আওয়ামী লীগ নিয়ে করা বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Independent Television – ‘২৪-এর আন্দোলনের সেই নারীরা ১ বছর পার না হতেই হারিয়ে গেলেন কেন’ | Rumeen Farhana | ITV
- Bangla News24 – ৫২ শতাংশ মানুষকে ফেলে নতুন বাংলাদেশ সম্ভব না: রুমিন ফারহানা
- Bangla Tribune – ‘৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ সম্ভব না’


