রুমিন ফারহানা গ্রেফতার হননি, পুরোনো ছবি ও ভিডিও দিয়ে অপপ্রচার

সম্প্রতি, “আলহামদুলিল্লাহ এইমাত্র রুমিন ফারহানা আ-লীগে যোগ দিলেন ১৩ তারিখের ৬৫৮ কোটি টাকা উদ্ধার অবশেষে গ্রেফতার হলো রুমিন ফারহানা এইমাত্র পাওয়া খবর ২৯/১১/২০২২২” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৭০ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসা থেকে টাকা উদ্ধার এবং তাকে গ্রেফতারের মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি আওয়ামী লীগেও যোগ দেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ছবি ও ভিডিওকে যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৭ অক্টোবর ‘মোহাম্মদপুরে প্রতি হাউজিংয়ে অস্থায়ী সেনা ক্যাম্প’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৭ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্প বসানো সংক্রান্ত সংবাদ সম্মেলনের ঘটনা এটি।

অর্থাৎ, ভিডিওটির সাথে রুমিন ফারহানার গ্রেফতার দাবির কোনো সম্পর্ক নেই।

ফুটেজ যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ নভেম্বর ‘টঙ্গীর কেরানিটেক বস্তিতে হঠাৎ যৌথবাহিনীর হানা, যা যা পাওয়া গেল!’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ইত্তেফাকের ওয়েবসাইটে গত ৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় গাজীপুরের টঙ্গীতে কেরানিটেক বস্তি এলাকায় মাদক ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অর্থাৎ, এই ভিডিওটির সাথেও রুমিন ফারহানার বাড়িতে সেনা অভিযানের দাবির কোনো সম্পর্ক নেই।

ফুটেজ যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে গত ৬ ফেব্রুয়ারি ‘এবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে ঘিরে রেখেছেন ছাত্র জনতা, কিন্তু কেন?’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুর কয়েক সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভয়েস অফ আমেরিকা বাংলার ওয়েবসাইটে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ভাঙচুর, অগ্নিসংযোগের পর ক্রেন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িটি (বঙ্গবন্ধু জাদুঘর)।

ফুটেজ যাচাই ৪

এ বিষয়ে অনুসন্ধানে ‘Cplus TV’ নামক ইউটিউব চ্যানেলে গত ৭ ফেব্রুয়ারি ‘চট্টগ্রামে গালা নাইট কনসার্টে যা যা ঘটে গেলো’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১১ সেকেন্ড অংশ থেকে ২১ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ঢাকা মেইলের ওয়েবসাইটে গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৬ ফেব্রুয়ারি দিনগত রাতে চট্টগ্রাম এম এ আজিজ স্টোডিয়ামে চট্টগ্রাম ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসবের গালা নাইট কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে মঞ্চ মাতায় দেশীয় ব্যান্ড সংগীতের জীবন্ত এই দুই কিংবদন্তি নগর বাউলের জেমস ও আর্টসেলের ভোকাল লিংকন।

ছবি যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে কালবেলার ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ‘মাদককারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খবর পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির আটককৃত ব্যক্তির মুখমণ্ডল ছাড়া বাকি সকল উপাদানের মিল রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২৯ সেপ্টেম্বর (২০২৪) মাদককারবারে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মাদককারবারিরা। পরে অভিযান চালিয়ে মাদকসহ মেঘা বিশ্বাস নামের এক নারীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

অর্থাৎ, ভিন্ন ঘটনার ছবি সম্পাদনার মাধ্যমে তাতে রুমিন ফারহানার মুখমণ্ডল যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

ছবি যাচাই ২

রাইজিং বিডি ডট কমের ওয়েবসাইটে ২০১৪ সালের ২৯ জানুয়ারি ‘১২৫০ বস্তা টাকার হিসাব কই’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে দীর্ঘ ১০০ ফুট সুড়ঙ্গ করে অভিনব কায়দায় লুট করা টাকা উদ্ধার করেছিল র‌্যাব। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছিল প্রধান অভিযুক্ত সোহেল ও তার সহযোগী ইদ্রিসকে। লুট হওয়া ১৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে পাওয়া গেয়েছিল ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা।

ছবি যাচাই ৩

অনলাইন নিউজ পোর্টাল যাস্ট নিউজ বিডি ডট কমের ওয়েবসাইটে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ‘পুরান ঢাকায় র‍্যাবের ক্যাসিনোবিরোধী অভিযান, এ যেন টাকার খনি’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে ।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম-সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়ীতে অফিযান চালায় র‌্যাব। সুত্রাপুর মুরগীটোলা মোড়ের বাসা থেকে নগদ ১ কোটি ৫ লাখ টাকা ও ৭৩০ ভরি সোনা জব্দ করেছিল র‌্যাব।

ছবি যাচাই ৪

অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট ‘শেখ হাসিনার পতন: বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে ।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের আগস্টে শরীয়তপুরে বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া সে-সময় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাসভবন এবং পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারীর ক্লাব ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এটি সেসময় শরীয়তপুরে ধারণকৃত একটি ছবি।

ছবি যাচাই ৫

অনলাইন গণমাধ্যম কালবেলার ওয়েবসাইটে গত ৫ জুন ‘জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৪ জুন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তার করা হয়েছে।

ছবি যাচাই ৬

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৭ আগস্ট ‘সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সিলেটে বিএনপি-জামায়াত এর বিরূদ্ধে বিক্ষোভ মিছিল করে সিলেট মহানগর আওয়ামীলীগ। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।

এছাড়া, আলোচিত দাবির ভিডিওতে আরও বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি ও ফুটেজ ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির মিডিয়া সেল ও রুমিন ফারহানার ফেসবুক অ্যাকাউন্টে তার বাসা থেকে টাকা উদ্ধার, তাকে গ্রেফতার কিংবা তার আওয়ামী লীগে যোগদানের দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। রুমিন ফারহানার মতো ব্যক্তি গ্রেফতার হলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, রুমিন ফারহানার বাসা থেকে ৬৫৮ কোটি টাকা উদ্ধার, তাকে গ্রেফতার এবং তার আওয়ামী লীগের যোগদান দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: