এই মুহূর্তে আওয়ামী লীগকে সংসদে খুব বেশি প্রয়োজন শীর্ষক মন্তব্য করেননি রুমিন ফারহানা

সম্প্রতি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় যে তিনি বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগকে সংসদে খুব বেশি প্রয়োজন।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, যা দেখা হয়েছে সাড়ে ২৩ হাজারের বেশি বার।
একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই মুহূর্তে আওয়ামী লীগকে সংসদে খুব বেশি প্রয়োজন শীর্ষক কোনো মন্তব্য করেননি রুমিন ফারহানা। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ, যা বাস্তব দাবিতে পরবর্তীতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনুসন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে atv নামের একটি লোগো রয়েছে। এটির সূত্র ধরে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে উক্ত ফটোকার্ডের মূল উৎস পাওয়া যায়। মূলত এই ফটোকার্ড থেকেই আলোচিত ভুয়া দাবিটির সূত্রপাত হয়েছে।

সংশ্লিষ্ট ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর অ্যাবাউট সেকশনে এই পেজের কনটেন্ট বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয় বলে উল্লেখ রয়েছে।
রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেছেন তিনি তা জানতে ফটোকার্ডটিতে থাকা তার ছবির সূত্রে রিভার্স সার্চ করে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে শপথ অনুষ্ঠানে পরে তার বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। সেখানে তিনি উল্লেখ বলেন, “দেখুন আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না। সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো এক তরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো, সেইদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম থার্টি পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে, খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই। কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না, আমাদের ৩০ শতাংশ মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম ৩০ শতাংশ মানুষের কোনো রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদে বসতে হবে, চলতে হবে।”
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার উদ্যোগ কীভাবে নেওয়া যেতে পারে এমন প্রশ্নে রুমিন বলছিলেন, “দেখুন, আমি, এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের। সো তাদের কীভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আমি বলতে পারবো না৷ তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেওয়া হতো, তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিতো। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়।…”
এই বক্তব্যে তাকে “এই মুহূর্তে আওয়ামী লীগকে সংসদে খুব বেশি প্রয়োজন” শীর্ষক কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, এই মুহূর্তে আওয়ামী লীগকে সংসদে খুব বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Star: Facebook Video
- Rumor Scanner’s own analysis

