রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডিত অংশ ব্যবহার করে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচার

সম্প্রতি, “সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এটাই তারেক রহমানের নির্বাচন। সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানার এই একটি বাক্যই বলে দেয় দেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার আসল চিত্র।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি রুমিন ফারহানার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম কিংবা তারেক রহমান প্রসঙ্গে দেওয়া কোনো বক্তব্যের নয়। প্রকৃতপক্ষে, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে অতীতে সংসদে দেওয়া নিজের একটি আলোচিত বক্তব্যের স্মৃতিচারণ করছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে জিটিভির ইউটিউব চ্যানেলে গত ১ এপ্রিল ‘সরাসরি🔴 জাতীয় সংসদ অধিবেশন | Sangsad Odhibeshon | 01 April 2026’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

৪ ঘন্টা ৩০ মিনিটের দীর্ঘ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২ ঘণ্টা ২৩ মিনিট অংশ থেকে ২ ঘণ্টা ২৫ মিনিট অংশ পর্যন্ত রুমিন ফারহানার মূল বক্তব্যটি রয়েছে। তিনি বলেন, “দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণে আমি একবার সংসদে আমি মজা করে বলেছিলাম সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন।”

অর্থাৎ, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমানকে নিয়ে উক্ত মন্তব্যটি করেননি।

সুতরাং, রুমিন ফারহানার পুরোনো বক্তব্যের স্মৃতিচারণের খণ্ডাংশ ব্যবহার করে ত্রয়োদশ নির্বাচন ও তারেক রহমানকে জড়িয়ে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: