মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে রুমিন ফারহানার পদত্যাগের দাবিটি মিথ্যা 

গত ০৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন৷ এই তালিকার মধ্যে নাম নেই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার।

এরই প্রেক্ষিতে, ‘বিএনপির মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগবমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মনোনয়ন না পাওয়ায় বিএনপি থেকে রুমিন ফারহানা পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘bbcbangla76246.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘বিএনপি’র মনোনয়ন না পেয়ে ফেসবুক পোস্টে আওয়ামী লীগে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশকাল হিসেবে ০৫ নভেম্বর উল্লেখ রয়েছে।

কথিত এই সংবাদে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট সূত্র ধরে দাবি করা হয়, বিএনপি’র মনোনয়ন না পেয়ে ফেসবুক পোস্টে আওয়ামী লীগে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন- “আমি এখন থেকে জাতির জনকের আদর্শে বিশ্বাসী, উন্নয়ন ও অগ্রগতির রাজনীতির অংশ হতে চাই। তাই আজ থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী।”

উক্ত সংবাদটি পর্যালোচনা করে দেখা যায়, সূত্র হিসেবে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট উল্লেখ করা হয়েছে।

এই সূত্র ধরে অনুসন্ধানে রুমিন ফারহানার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, মনোনয়ন না পাওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করে রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগদান করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: