রুমিন ফারহানা নন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাপা প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ প্রতিবেদনের খণ্ডিত অংশ প্রচার করে দাবি করা হচ্ছে যে তিনি ওই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন থেকে রুমিন ফারহানার সরে দাঁড়ানোর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত এক সংসদ সদস্য প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেলে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত মূল সংবাদ প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তবে মূল ভিডিওটির একটি অংশ কেটে প্রেক্ষাপট বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত সময় টেলিভিশনের একটি প্রতিবেদনে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচনে অনুকূল পরিবেশ না থাকা, নিজে এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়ভীতি ও গ্রেফতারের হুমকির অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বীদের মতো স্বাধীনভাবে প্রচারণা চালাতে না পারার কথা জানান। এসব কারণ উল্লেখ করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তবে উক্ত প্রতিবেদনে রুমিন ফারহানার প্রার্থিতা প্রত্যাহারের কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমেও আলোচিত দাবির পক্ষে সমর্থনযোগ্য তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে রুমিন ফারহানা প্রার্থিতা প্রত্যাহার করার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor – YouTube Video
- Somoy Television – নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের লাঙ্গলের প্রার্থী

