বিএনপির প্রার্থীদের ব্যাংক ঋণ বিষয়ে রুমিন ফারহানার মন্তব্য দাবিতে বাংলাদেশ টাইমসের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাম্মনবারিয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা “বিএনপির মনোনীত সকল প্রার্থীদের ব্যাংক লোন ৫৮৮৭ কোটি টাকা। এই টাকা আপনার আমার, এই টাকা দেশের। ক্ষমতায় না থেকেই এই টাকা তারা ব্যাংক থেকে নিয়েছে, ক্ষমতায় আসলে কী হবে বুঝতে পেরেছেন তো?” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বাংলাদেশ টাইমসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বিএনপির মনোনীত সকল প্রার্থীদের ব্যাংক লোন ৫৮৮৭ কোটি টাকা। এই টাকা আপনার আমার, এই টাকা দেশের। ক্ষমতায় না থেকেই এই টাকা তারা ব্যাংক থেকে নিয়েছে, ক্ষমতায় আসলে কী হবে বুঝতে পেরেছেন তো?” শীর্ষক কোনো মন্তব্য রুমিন ফারহানা করেননি এবং বাংলাদেশ টাইমসও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলাদেশ টাইমসের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ০৭ জানুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে বাংলাদেশ টাইমস এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশ টাইমস এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ০৭ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ টাইমস এর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘বিএনপির মনোনীত সকল প্রার্থীদের ব্যাংক লোন ৫৮৮৭ কোটি টাকা। এই টাকা আপনার আমার, এই টাকা দেশের। ক্ষমতায় না থেকেই এই টাকা তারা ব্যাংক থেকে নিয়েছে, ক্ষমতায় আসলে কী হবে বুঝতে পেরেছেন তো?’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশ টাইমসের ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ টাইমসের মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনারা দেখেছেন, শক্তিশালী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলেছি। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই আমি বলে যাব। আমি শেখ হাসিনাকে চোখ রাঙায়ে চলে আসছি। আর কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে। গত ৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপির প্রার্থীদের ব্যাংক ঋণ বিষয়ে রুমিন ফারহানার মন্তব্য দাবিতে বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: