তারেক ও বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার মন্তব্য দাবিতে ইনডিপেনডেন্ট টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘বিএনপি শুধু চাদাবাজ না,,, চাপাবাজ ও বিএনপি দূর্নীতি তে,,, ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান,,,, চাদাবাজ দখলবাজ ও সন্ত্রাসী দল,, হয়েও তাদের কোনো লজ্জা শরম নাই,,,, কি ভাবে তারা ভোেট চায়,,,,,’ এবং ‘ফ্যামেলি কার্ডের নামে,, চাদাবাজি শুরু হয়ে গেছে, বিভিন্ন যায়গায় ৩০ থেকে ৫০ হাজার টাকা করে, অগ্রিম চান্দা আদায় করা হচ্ছে, তারেক রহমানের নামে,’ শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ডিজাইন সম্বলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

প্রথম দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
২য় দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত শিরোনামগুলোতে ইনডিপেনডেন্ট টেলিভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ডিজাইন নকল করে ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলোতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো রয়েছে। তবে ফটোকার্ডগুলো প্রকাশের তারিখ উল্লেখ নেই।
উক্ত তথ্যের সূত্র ধরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে সেসময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনামদ্বয় সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ২১ ডিসেম্বর গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “বাবার মতো স্বতন্ত্র প্রার্থী হতে পারেন ইঙ্গিত রুমিন ফারহানার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে এই ফটোকার্ডটিতে থাকা ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে। তবে প্রচারিত ফটোকার্ডগুলোতে কোনো তারিখের উল্লেখ নেই। এছাড়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মূল ফটোকার্ডটিতে “বাবার মতো স্বতন্ত্র প্রার্থী হতে পারেন ইঙ্গিত রুমিন ফারহানার” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডগুলোতে এর পরিবর্তে ‘বিএনপি শুধু চাদাবাজ না,,, চাপাবাজ ও বিএনপি দূর্নীতি তে,,, ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান,,,, চাদাবাজ দখলবাজ ও সন্ত্রাসী দল,, হয়েও তাদের কোনো লজ্জা শরম নাই,,,, কি ভাবে তারা ভোেট চায়,,,,,’ এবং ‘ফ্যামেলি কার্ডের নামে,, চাদাবাজি শুরু হয়ে গেছে, বিভিন্ন যায়গায় ৩০ থেকে ৫০ হাজার টাকা করে, অগ্রিম চান্দা আদায় করা হচ্ছে, তারেক রহমানের নামে,’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটির তারিখ ও শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত ইনডিপেনডেন্ট টিভির মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দলীয় এক অনুষ্ঠানে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কি না—বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র। সময়ই এর উত্তর দেবে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রুমিন ফারহানার ফেসবুক অ্যাকাউন্টে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নির্বাচনী পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড পদ্ধতির ঘোষণা দেন।
সুতরাং, ‘বিএনপি শুধু চাদাবাজ না,,, চাপাবাজ ও বিএনপি দূর্নীতি তে,,, ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান,,,, চাদাবাজ দখলবাজ ও সন্ত্রাসী দল,, হয়েও তাদের কোনো লজ্জা শরম নাই,,,, কি ভাবে তারা ভোেট চায়,,,,,’ ও ‘ফ্যামেলি কার্ডের নামে,, চাদাবাজি শুরু হয়ে গেছে, বিভিন্ন যায়গায় ৩০ থেকে ৫০ হাজার টাকা করে, অগ্রিম চান্দা আদায় করা হচ্ছে, তারেক রহমানের নামে,’ শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে প্রচারিত এই ফটোকার্ডগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- independent24.tv – Facebook Post
- Rumeen Farhana – Facebook Account

