সম্প্রতি, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তর্কে জড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভিডিও প্রচার করা হয়। প্রচারিত ভিডিওটিতে রুমিন ফারহানার দুটি ফুটেজ দেখতে পাওয়া যায় যেখানে তিনি পদত্যাগ করেছেন বলে জানান। এছাড়াও আরেকটি গণমাধ্যমের সংবাদপাঠিকার ফুটেজও ভিডিওটিতে দেখতে পাওয়া যায়। ওই ফুটেজটিতে সংবাদপাঠিকাকেও বলতে শোনা যায়, রুমিন ফারহানা সংসদ থেকে পদত্যাগ করেছেন।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই দাবির ভিডিওর দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তর্কে জড়িয়ে রুমিন ফারহানার সংসদ থেকে পদত্যাগের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির এই সাবেক নেত্রীর সংসদ থেকে পদত্যাগের ঘটনায় প্রচারিত পুরোনো ভিডিওগুলোকে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে সংসদে প্রধানমন্ত্রীর সাথে রুমিন ফারহানার তর্কে জড়ানোর তথ্য পাওয়া যায়নি। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রুমিন ফারহানাকে বক্তব্য রাখতেও দেখা যায়নি। পাশাপাশি এবারের সংসদ থেকে তার পদত্যাগের সত্যতাও মেলেনি।
তাই পরবর্তী অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজগুলো পৃথক পৃথকভাবে যাচাই করে দেখে রিউমর স্ক্যানার।
ভিডিও যাচাই ১
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির শুরুতে দেখতে পাওয়া রুমিন ফারহানার ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল Rumeen’s Voice-এ ২০২২ সালের ১০ ডিসেম্বর একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটিতে তিনি জানান, সেদিন অর্থাৎ, ভিডিওটি প্রচারের দিন তিনিসহ সেবারের সংসদে যতজন বিএনপির সংসদ সদস্য ছিলেন তারা পদত্যাগ করেছেন। অর্থাৎ, তার পদত্যাগ সংক্রান্ত এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের বা ত্রয়োদশ জাতীয় সংসদের নয়।
ভিডিও যাচাই ২
পরবর্তীতে ভিডিওটিতে দেখতে পাওয়া রুমিন ফারহানার আরেকটি ফুটেজের বিষয়ে অনুসন্ধানে Somoy TV-এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ ডিসেম্বর একই জনসভার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি থেকে জানা যায়, সেদিন আয়োজিত বিএনপির এক জনসভায় রুমিন ফারহানা সংসদে তাকে কথা বলতে বাঁধা দেওয়ার বিষয়টি জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এছাড়াও দেখা যায়, ভিডিওটির ৩ মিনিট ২ সেকেন্ড থেকে ৩ মিনিট ৭ সেকেন্ডের ফুটেজটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
ভিডিও যাচাই ৩
সর্বশেষ আলোচিত ভিডিওটিতে দেখতে পাওয়া সংবাদপাঠিকার ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে ATN News-এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রচারিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। এটি মূলত আগের মতো সেসময় রুমিন ফারহানার পদত্যাগের ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন। যার সাথে ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সর্ম্পক নেই।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ ডিসেম্বর দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত বিএনপির এক গণসমাবেশে বিএনপির সাবেক নেত্রী ও সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন তিনিসহ সেবারের সংসদের বিএনপির পাঁচ সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রুমিন ফারহানা সেসময় জানান, তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন জোরদার করতে সেসময় তারা পদত্যাগ করেন।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তর্কে জড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumeen’s Voice Youtube Channel: সংসদ থেকে পদত্যাগ এবং আমার কিছু কথা । Rumeen’s Voice । ব্যারিস্টার রুমিন ফারহানা। Rumeen Farhana
- Somoy TV Youtube Channel: সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন রুমিন ফারহানা | Rumeen Farhana | BNP | Golapbag Shova | Somoy TV
- ATN News Youtube Channel: পদত্যাগ করে কী বললেন রুমিন ফারহানা? BNP, AL, MP Resign | BD Politics Movment | ATN News
- Rumor Scanner’s Analysis


