শেরপুরের ঝিনাইগাতীর আলোচিত যুবদল নেতা সাইফুল ইসলামকে বহিষ্কারের গুজব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর–৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উক্ত সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন এবং এ ঘটনায় দুই দলের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে পাল্টা ‘উক্ত ঘটনায় শেরপুর ঝিনাইগাতী উপজেলার যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মারা গেছেন’ শীর্ষক একটি গুজব ইন্টারনেটে ছড়িয়ে পড়লে গত ২৯ জানুয়ারী সকালে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দাবিটি মিথ্যা বলে জানান সাইফুল ইসলাম নিজে। পরবর্তীতে ‘শেরপুরে জামায়াতের হামলায় দলীয় নির্দেশ অমান্য করে খুন না হয়ে লাইভে আসায় যুবদল নেতা সাইফুল বহিষ্কার।’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
প্রচারিত পোস্টগুলোর কমেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত দাবিটিকে সত্য ভেবে বিভ্রান্ত হচ্ছেন এবং সেই প্রেক্ষিতে মন্তব্য করছেন।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেরপুর ঝিনাইগাতী উপজেলায় ঝিনাইগাতী ইউনিয়নের যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়নি বরং, বহিষ্কারের দাবিটি গুজব বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন সাইফুল ইসলাম।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি যাচাইয়ের জন্য শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহার ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘এমন কিছু তো জানা নেই। আমাদের কাছে এ বিষয়ে কোনো কাগজ আসেনি।’
এছাড়া, ঝিনাইগাতী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, ‘বহিষ্কারের দাবিটি মিথ্যা।’
এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। সাইফুল ইসলাম বলেন, “এটি পুরোটাই মিথ্যা ও বানোয়াট।”
অর্থাৎ, সাইফুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক পদেই আছেন।
সুতরাং, শেরপুর ঝিনাইগাতী উপজেলায় ঝিনাইগাতী ইউনিয়নের যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Atahar Islam- Statement
- Masum Billah- Statement
- Saiful Islam- Statement

