তারেক রহমানকে গালাগালি করায় সেনাবাহিনী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার হওয়ার গুজব  

সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক জিয়াকে গালাগাল করায় গ্রেফতার সেনাবাহিনীর হাতে– শীর্ষক শিরোনামে এবং থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গালাগালি করার কারণে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।

শেখ হাসিনার গ্রেফতার

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গালাগালি করার অভিযোগে সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করেনি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে তৈরি একটি ভিডিও।

ভিডিও যাচাই- ১

আলোচিত ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভায় বক্তব্য দিতে দেখা যায় এবং ভিডিওটিতে বেসরকারি চ্যানেল ২৪ এর লোগো লক্ষ্য করা যায়। সেই লোগো’র সূত্র ধরে অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ১২ নভেম্বর “নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ)

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ভিডিওটি থেকে জানা যায়, (১২ নভেম্বর) নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমালোচনা করে কথা বলেন।

তিনি বলেন, ‘আরে বেটা সাহস থাকলে বাংলাদেশে ফিরা আয়, আমরা তোকে দেখি। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া এখন জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। তাদের নেতা কই? তাদের কথা মানুষ শোনে না। বিএনপি হত্যাকারী। জামায়াত যুদ্ধাপরাধী। খালেদার ছেলে খুনি তারেক জিয়া। গ্রেনেড হামলা করে আইভি রহমানকে হত্যা করেছে। এত টাকা কোথায় পায়? অস্ত্র চোরাচালানি করে। মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত। পালিয়ে থাকে লন্ডনে।’

তিনি আরও বলেন, ‘চোরাগোপ্তা হামলা করে সরকার হটানো যায় না। মানুষ যদি সঙ্গে না থাকে তবে আন্দোলন হয় না। বিএনপি একটি সন্ত্রসী দল, আর জামায়াত হলো যুদ্ধাপরাধী দল। তাদের কথা এ দেশের মানুষ শোনে না। তাদের কিছু লোক আছে তারাই নাচানাচি করে।’

ভিডিও যাচাই- ২

আলোচিত ভিডিওটির এই অংশে বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বক্তব্য দিতে দেখা যায়। সেই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে Rumeen’s Voice নামক একটি ইউটিউব চ্যানেলে গত ১৩ নভেম্বর “প্রধানমন্ত্রী আক্রমণাত্মক, অসহিষ্ণু হয়ে উঠছেন কেন?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ)

উক্ত ভিডিওটিতে দেওয়া রুমিন ফারহানার বক্তব্যের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা রুমিন ফারহানার বক্তব্যের হুবহু মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, গত ১২ নভেম্বর নরসিংদীর আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করা তিনি বক্তব্য দেন।

এছাড়া ভিডিওটিতে রুমিন ফারহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতারের দাবি হওয়া সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করেননি। 

ভিডিও যাচাই- ৩

আলোচিত ভিডিওটির এই অংশে একজনকে বক্তব্য দিতে দেখা যায় এবং ভিডিওটিতে BANGLA NEWS নামক একটি লোগোও দেখা যায়। লোগো এবং বক্তার বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে Bangla News নামক একটি ফেসবুক পেজে গত ১৬ অক্টোবর “শেখ হাসিনা ঘুমের ঘরে তারেক রহমানকে স্বপ্নে দেখে, ক্ষমতার চেয়ার টগবগ করে।” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ)

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, ১৬ অক্টোবর নয়াপল্টনে যুবদলের ডাকা সমাবেশে যোগদানের জন্য নেতাকর্মীরা জড়ো হয় । সেই সমাবেশে আসা যুবদলের এক কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করা উক্ত বক্তব্যটি দেন।

এছাড়া, একটি দেশের প্রধানমন্ত্রী গ্রেফতার হলে অবশ্যই তা গণমাধ্যমে সংবাদ হওয়ার কথা। কিন্তু উক্ত দাবিগুলো নিয়ে গণমাধ্যমে কোনো সংবাদ পাওয়া যায়নি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে প্রতীয়মান হয় যে, আলোচিত দাবিটি মিথ্যা।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপি-জামায়াতসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইন্টারনেটে “প্রধানমন্ত্রী তারেক জিয়াকে গালাগাল করায় গ্রেফতার সেনাবাহিনীর হাতে” শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গালাগালি করার অভিযোগে সেনাবাহিনী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছেদাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: