সম্প্রতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ‘শিবির চাইলে ১০ মিনিটে দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রদলকে কুকুরের মত পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে পারে। আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এস এম ফরহাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
তবে, ‘Gupto Television’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ২৩ এপ্রিল প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, এস এম ফরহাদের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত তথ্যের সমর্থনে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিতে এস এম ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি এমন মন্তব্য করেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।
সুতরাং, ছাত্রশিবির ও ছাত্রদলকে জড়িয়ে ডাকসু জিএস এস এম ফরহাদের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Gupto Television – Facebook Post
- S M Farhad – Facebook Profile


