২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা দেশত্যাগ করতে শুরু করেন। সেসময় দেশত্যাগ করতে না পারা নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে সংগঠিত হতে দেখা যায় মব। হামলা করা হয় তাদের ঘরবাড়িতে ও স্থাপনায়। অধিকাংশের বিরুদ্ধেই নানা অভিযোগে দায়ের করা হয় মামলা। পুলিশি হয়রানির তথ্যও পাওয়া যায় অসংখ্য। তবে এমন পরিস্থিতিতে তৎকালীন আওয়ামী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি দাবিতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা না হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পরে দায়ের হওয়া মামলায় তাকে আটক করা হয়। পরবর্তীতে ৬ মামলায় জামিন পান তিনি। পরবর্তী সময়ে তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে আরও দুইটি মামলা করা হয়।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী। যাতে সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৬ অক্টোবর ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয় সাবের হোসেন চৌধুরীকে।
উক্ত মামলায় তাকে পাঁচদিনের রিমান্ড দেওয়া হয়। তবে রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে ৬ মামলায় জামিন প্রদান করা হয়।
এছাড়াও পরবর্তীতে ২০২৫ সালের ১৬ অক্টোবর সাড়ে ৩৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৭৫ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের করার তথ্য পাওয়া যায়।
সুতরাং, অভ্যুত্থান পরবর্তী সময়ে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Star Website: সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
- The Daily Star Website: সাবের হোসেন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
- The Daily Star Website: ৬ মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন
- Ittefaq Website: সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


