‘ববি হাজ্জাজের শেষ পরিণতি টাকলা মুরাদের মতো হবে’ শীর্ষক মন্তব্য করেননি সাদিক কায়েম

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাদিক কায়েমকে উদ্ধৃত করে “ববি হাজ্জাজের শেষ পরিণতি টাকলা মুরাদের মতো হবে” শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে জড়িয়ে সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেননি। বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে এ বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।

দাবিটির বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে সাদিক কায়েমের এমন মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি। তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব মেলেনি। সাধারণত এ মন্তব্য গণমাধ্যমসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ পায়।

তাকে উদ্ধৃত করে মন্তব্যটি প্রচারের সূত্রপাত খুঁজতে গিয়ে দেখা যায়, অন্তত ২৩ ফেব্রুয়ারি থেকে সাদিক কায়েমের নাম যুক্ত করে বক্তব্যটি ছড়ানো হচ্ছে। তবে এর আগে, অন্তত ২২ ফেব্রুয়ারি থেকেই (,) কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই “ববি হাজ্জাজের শেষ পরিণতি খুব দ্রুতই টাকলা মুরাদের মতো হতে যাচ্ছে” আঙ্গিকে একই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছিল।

অর্থাৎ, শুরুতে নামবিহীন অবস্থায় প্রচারিত একটি বাক্যকে পরবর্তীতে সাদিক কায়েমের নাম জুড়ে দিয়ে প্রচার করা হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম আবু সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।

সুতরাং, ববি হাজ্জাজকে জড়িয়ে সাদিক কায়েমের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Md Abu Shadik: Facebook Page
  • Rumor Scanner’s analysis
  • Statement from Shadik Kayem
Share: