বিয়ের খরচ প্রসঙ্গে জামায়াতের আমীরকে জড়িয়ে সাদিক কায়েমের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম মন্তব্য করছেন দাবিতে ‘প্রতিদিন কত মানুষই মারা যায়, তাই বলে কি বিয়েশাদী বন্ধ থাকবে? আর যারা বিয়ের খরচ নিয়ে প্রশ্ন তুলছেন তারা জেনে রাখেন, আমার বিয়ের সব খরচ জামায়াতের আমির সাহেব নিজে বহন করেছেন’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিজের বিয়ে প্রসঙ্গে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে জড়িয়ে সাদিক কায়েম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘This is Gupto TV | একটি Satire & Parody platform All contents are for entertainment purpose only| আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, নিজের বিয়ের খরচ বহন প্রসঙ্গে জামায়াতের আমীরকে জড়িয়ে সাদিক কায়েম আলোচিত মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: