২০২৫ সালের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার হত্যার বিচার দাবিতে গত ১১ জানুয়ারি রাজধানীর শাহবাগে সর্বস্তরের কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ উক্ত মিছিলে বক্তব্য দেন সাদিয়া রহমান সেবা নামক একজন শিক্ষার্থী, পরবর্তীতে যেটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। সম্প্রতি সাদিয়া রহমান সেবা নামক উক্ত ব্যক্তি মারা গেছেন দাবিতে ‘বাল ছাল বলা মেয়েটা আজ হাদির কাছে যাওয়ার টিকেট কাটলো।’ ক্যাপশনে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে অসচেতন অবস্থায় পরে থাকা নারী সাদিয়া রহমান সেবা নন এবং ছবির ঘটনাটিও বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতে ইংরেজি নববর্ষ উদযাপনকালে নেশাগ্রস্ত এক নারীর অর্ধচেতন অবস্থায় পড়ে থাকার ঘটনার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম M9 News এর ওয়েবসাইটে গত ০২ জানুয়ারি হালনাগাদকৃত ‘Viral Video Raises Questions on Parental Accountability’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ঘটনাটি ভারতে ঘটেছে, যেখানে অর্ধচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকা একজন নেশাগ্রস্ত মায়ের পাশে একটি শিশুকে কান্নারত অবস্থায় পাওয়া যায়।
পরবর্তীতে, এ বিষয়ে The Guwahati Express নামক ভারতীয় অনলাইন সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১০ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ঘটনাটি ভারতের দিল্লি শহরে ঘটেছে।
একই বিষয়ে The Catchy নামক আরেক ভারতীয় অনলাইন সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০২ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, উল্লেখিত ঘটনাটি ভারতে ইংরেজি নববর্ষ ২০২৬ এর আগমন উদযাপনকালে ঘটে।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম DNP India এর ওয়েবসাইটে গত ০২ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
উল্লেখ্য, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত ১১ জানুয়ারি শাহবাগে অনুষ্ঠিত মিছিলে সাদিয়া রহমান সেবা বক্তব্য দেন। অন্যদিকে, সাদিয়া রহমান সেবার মৃত্যুর দাবিতে প্রচারিত ছবির ঘটনাটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে ঘটেছে। যা থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত দাবির পোস্টগুলোতে অসচেতন অবস্থায় থাকা ছবির নারী সাদিয়া রহমান সেবা নন।
এছাড়া, সাদিয়া রহমান সেবা নামক শিক্ষার্থীর মারা যাওয়ায় দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, সাদিয়া রহমান সেবা নামক শিক্ষার্থী মারা গেছেন দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- M9 News – Viral Video Raises Questions on Parental Accountability
- The Guwahati Express – Instagram Post
- The Catchy – Instagram Post
- DNP India – Viral Video: Empowered, Entitled Or Shameful? Woman Lies Oblivious On Road With Wailing Baby Beside After New Year Celebrations, Netizens In Shock
- সত্যকণ্ঠ সংবাদ – ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল


