পুতুলকে আ.লীগের সভাপতি দাবি করা ব্যঙ্গাত্মক পেজের ফটোকার্ডকে আসল ঘটনা হিসেবে প্রচার

সম্প্রতি ‘নির্বাচন করতে দেশে ফিরছেন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি পুতুল’ শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা দেওয়া হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে তার বাংলাদেশে ফেরার সম্পর্কে কোনো তথ্যও মেলেনি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Iqbal Tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Iqbal Tv’ নামক ফেসবুক পেজে গত ১৫ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Iqbal Tv’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। তাই এটির কোনো পোস্টকে গুরুত্ব না দিতে বলা হয়েছে।

তাছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগের মতো ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কোনো পদে পরিবর্তন আসলে তা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ অবধারিত। কিন্তু, গণমাধ্যম কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সায়মা ওয়াজেদ পুতুলের দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ কিংবা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে তার বাংলাদেশে ফেরার কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা এবং তার দেশে ফেরার প্রসঙ্গে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: