সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহর ছবিসংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়। যেখানে দাবি করা হয়, সাইয়েদ আবদুল্লাহ বলেছেন, “লাখ লাখ মানুষকে নানান ধরনের কার্ড দিয়ে সহযোগিতা করছে সরকার। আর সামান্য একটু বিদ্যুৎ ও তেলের দাম বাড়িয়েছে দেখেই কারও সহ্য হচ্ছে না! মানুষ যে এত ‘অকৃতজ্ঞ’ হতে পারে, জানা ছিল না!”
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে জনগণকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়ে সাইয়েদ আবদুল্লাহ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার নামে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও বিশ্বাসযোগ্য কোনো গণমাধ্যম বা সাইয়েদ আবদুল্লাহর ফেসবুক পেজেও দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
দাবিটির উৎস অনুসন্ধান করে দেখা যায়, মোঃ আল আমিন নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ৫ জুন আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রকাশ করা হয়। তবে পোস্টটিতে উল্লিখিত মন্তব্যের পক্ষে কোনো সূত্র, বক্তব্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
পরবর্তী সময়ে উক্ত প্রোফাইলের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সেখানে বায়োতে ‘Writer and Satirist’ উল্লেখ করা হয়েছে এবং কর্মক্ষেত্র হিসেবে ‘ধ্বজভঙ্গ টিভি’ লেখা রয়েছে। একই সঙ্গে প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পূর্বেও ধ্বজভঙ্গ টিভির ফটোকার্ড ব্যবহার করে একাধিক ভুয়া ও ভিত্তিহীন দাবি প্রচার করা হয়েছে, যেগুলো নিয়ে রিউমর স্ক্যানার এর আগে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন (১,২,৩) প্রকাশ করেছে।
সুতরাং, সাইয়েদ আবদুল্লাহ বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধি এবং সরকারের কার্ডভিত্তিক সহায়তা কার্যক্রম প্রসঙ্গে জনগণকে ‘অকৃতজ্ঞ’ বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- MD Al-Amin – Facebook Post
- Saiyed Abdullah – Facebook Page
- Rumor Scanner’s own analysis


