ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জয়ের বক্তব্য দাবিতে ইত্তেফাকের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় “ডিসেম্বরেই মাকে দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে রাস্তায় নেমেছে নেতাকর্মীরা” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক ইত্তেফাকের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সজীব ওয়াজেদ জয় আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে ইত্তেফাকও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সজীব ওয়াজেদ জয়ের ভিন্ন মন্তব্য দিয়ে ইত্তেফাক কর্তৃক প্রকাশিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইত্তেফাকের লোগো দৃশ্যমান। তবে, এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে ইত্তেফাকের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি ইত্তেফাকের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, ইত্তেফাকের ফেসবুক পেজে গত ১৭ নভেম্বর ‘তারা আমার মায়ের কী করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ পূর্ণ নিরাপত্তা দিচ্ছে: সজীব ওয়াজেদ জয়’ শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ইত্তেফাকের মূল ফটোকার্ডটিতে ‘তারা আমার মায়ের কী করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ পূর্ণ নিরাপত্তা দিচ্ছে: সজীব ওয়াজেদ জয়’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ডিসেম্বরেই মাকে দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে রাস্তায় নেমেছে নেতাকর্মীরা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ইত্তেফাকের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত ইত্তেফাকের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ নভেম্বর হাসিনার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেন, ‘আমরা জানি রায় কী হবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে, আর সম্ভবত মৃত্যুদণ্ড দেবে।’ তিনি দাবি করেন, তার মা ‘ভারতে সম্পূর্ণ নিরাপদ’, যেখানে তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ নিরাপত্তা দেওয়া হচ্ছে।’

সুতরাং, সজীব ওয়াজেদ জয় “ডিসেম্বরেই মাকে দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে রাস্তায় নেমেছে নেতাকর্মীরা” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: