১৬ ডিসেম্বর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে ডায়াসে দাঁড়িয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, শুরুতে অস্পষ্ট “আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস শুভেচ্ছা দেশবাসী।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে জয় কর্তৃক বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর এই ভিডিওটির খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস, দুই পাশে একই ব্যক্তির উপস্থিতিসহ পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত হতে রিউমর স্ক্যানার ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশের বেশি বলে জানানো হয়।

এছাড়া, ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণেও ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ বলে জানা যায়।

সজীব ওয়াজেদ জয় সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এরূপ বক্তব্য দিলে স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমগুলোতে খবর প্রচার হতো। তবে, এক্ষেত্রে অনুসন্ধানে দেশিয় সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণেও এ সংক্রান্ত কোনো পোস্ট বা ভিডিও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, এআই-তৈরি ভিডিওকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া আসল বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।


