সারজিস আলম গুলিবিদ্ধ এবং এ ঘটনায় বিএনপি কর্মী আটক দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী সারজিস আলম গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষক দাবিতে একাধিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এর মধ্যে প্রথম দাবিতে উল্লেখ করা হয় ‘ইন্না লিল্লাহ গুলিবিদ্ধ সারজিস আলম ঢাকা মেডিকেলে ভর্তি লাইভ দেখুন লিংক কমেন্টে’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ),
দ্বিতীয় দাবিতে উল্লেখ করা হয় ‘সার্জিস আলমকে গুলি, বিএনপি কর্মী আটক: গোয়েন্দা সূত্র’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলমের গুলিবিদ্ধ হওয়া এবং এ ঘটনায় কথিত বিএনপি কর্মীকে আটকের দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুঁইফোড় ওয়েবসাইট এবং ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এসব দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত কিছু পোস্ট পর্যবেক্ষণ করে সেগুলোতে তথ্যসূত্র হিসেবে একটি ব্লগপোস্টের লিংক খুঁজে পাওয়া যায়। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘protibadnews76.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘রাজধানীতে গুলিবিদ্ধ সারজিস আলম, গুরুতর আহত’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে একটি ভিডিও সংযুক্ত থাকলেও সেটিতে ক্লিক করলে তা সঠিকভাবে চালু না হয়ে বরং এটি বিভিন্ন জুয়ার সাইটে প্রবেশ করে ।

কথিত এই সংবাদে দাবি করা হয়, রাজধানীর একটি ব্যস্ত এলাকায় আজ এক গুলি হামলার ঘটনায় সারজিস আলম গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দাবি করা হয়, গুলিবিদ্ধ অবস্থায় সারজিস আলমকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশে গুলি লেগেছে এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত আরো কিছু পোস্ট পর্যবেক্ষণ করে সেগুলোতে তথ্যসূত্র হিসেবে একটি প্রতিবেদনের লিংক খুঁজে পাওয়া যায়। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘rukedaraobd.site’ নামের সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘সার্জিস আলমকে গুলি, বিএনপি কর্মী আটক: গোয়েন্দা সূত্র’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এটির প্রকাশকাল হিসেবে ‘০১ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

কথিত এই সংবাদগুলোতে দাবি করা হয়, গত ৩১ জানুয়ারি রাতে, যখন সারজিস আলম দলীয় কাজে বাইরে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দাবি করা হয়, সারজিস আলমকে গুলি করার ঘটনায় এক বিএনপি কর্মীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজন বিএনপি কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সারজিস আলম গুলিবিদ্ধ হওয়া এবং এ ঘটনায় বিএনপি কর্মী আটকের মতো ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
উক্ত দাবিগুলোর একটিতে সারজিস আলম রাজধানীতে গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যটিতে ঢাকার বাইরের কথা বলা হয়েছে। অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক প্রোফাইলে ৩১ জানুয়ারি রাতে প্রকাশিত একটি লাইভ ভিডিও ফুটেজ থেকে জানা যায়, তিনি ওই সময়ে তার নির্বাচনী এলাকা পঞ্চগড়ের আটোয়ারীর রাখালদেবী বাজারে একটি পথসভায় অংশ নিচ্ছিলেন। উক্ত ঘটনাস্থলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি।
সারজিস আলমের ফেসবুক প্রোফাইল ও গণমাধ্যম সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন৷
উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি নিয়মিতই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।
সুতরাং, সারজিস আলমের গুলিবিদ্ধ হওয়া এবং এ ঘটনায় কথিত বিএনপি কর্মী আটক দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Md Sarjis Alam – Facebook Post
- Ittefaq – নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না: সারজিস আলম

