‘মাত্র তিন মাসেই জনবিচ্ছিন্ন তারেক রহমানের সরকার’ শীর্ষক মন্তব্য করেননি সাখাওয়াত হোসেন

বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য প্রচার করা হয়েছে। দাবি করা হয়, তিনি বলেছেন, ‘মাত্র তিন মাসেই জনবিচ্ছিন্ন তারেক রহমানের সরকার কোথাও তাদের সফলতা নেই, দেশটাকে তাঁরা এলোমেলো করে ফেলছে।’

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এম. সাখাওয়াত হোসেন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই তার নামে এই বক্তব্যটি প্রচার করা হয়েছে।

বিষয়টি যাচাই করতে গিয়ে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তার এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। তিনি যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকতেন, তবে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু কোনো বিশ্বাসযোগ্য সূত্রেই এ সংক্রান্ত তথ্য মেলেনি। এমনকি যে ফেসবুক পোস্টে দাবিটি প্রচার করা হয়েছে, সেখানেও কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

সুতরাং, ‘মাত্র তিন মাসেই জনবিচ্ছিন্ন তারেক রহমানের সরকার’ শীর্ষক মন্তব্যটি এম. সাখাওয়াত হোসেন করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement from M. Sakhawat Hussain.
  • Rumor Scanner’s analysis. 
Share: