জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে সাখাওয়াত হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার

বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে তার মন্তব্য দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। দাবি অনুযায়ী, সাখাওয়াত হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার তো ভারত বিরোধী ছিলো। যদি স্নাইপাররা ভারতীয় হতো তাহলে সরকার অবশ্যই তদন্ত করতো। কেন করলো না? ওরা কি তবে পাকিস্তানী?’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে এই মন্তব্য তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে সাখাওয়াত হোসেনের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার সাম্প্রতিক টকশো ও সাক্ষাৎকার পর্যবেক্ষণ করেও এ ধরনের মন্তব্যের সত্যতা মেলেনি। সাখাওয়াত হোসেন ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মতো আলোচিত ব্যক্তি যদি এমন মন্তব্য করতেন, তবে তা স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এ সংক্রান্ত দাবিটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেই পাওয়া যাচ্ছে; কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে এর উল্লেখ পাওয়া যায়নি।
এ সংক্রান্ত দাবিতে প্রচারিত একটি পোস্টে দেখা যায়, চ্যানেল ওয়ানে প্রকাশিত একটি টকশোর বরাতে তাকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হচ্ছে।
এই সূত্র ধরে চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেলে অনুসন্ধান চালানো হয়। তবে সেখানে সাখাওয়াত হোসেনের কোনো টকশো পাওয়া যায়নি। বরং গত ২৬ ফেব্রুয়ারি তার একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে ৭.৬২ বুলেট ও স্নাইপার প্রসঙ্গে সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের একটি অংশ পাওয়া গেলেও তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।
ভিডিওর ওই অংশে তিনি বলেন, কিছু ভিডিওতে লুঙ্গি-গেঞ্জি পরা এবং হেলমেটধারী কিছু ব্যক্তির হাতে পুলিশের ব্যবহৃত ৭.৬২ চাইনিজ রাইফেল (টাইপ-৩৯) দেখতে পেয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, পুলিশের অস্ত্র কীভাবে সিভিলিয়ানদের হাতে দেখা গেল। একইসঙ্গে তিনি “বহিরাগত” শব্দটি ব্যবহার করে বলেন, কিছু ব্যক্তির চেহারা-গঠন তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি বিষয়টি তদন্ত করতে চেয়েছিলেন এবং তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
অর্থাৎ, চ্যানেল ওয়ানের বরাতে তাকে উদ্ধৃত করে মন্তব্যটি প্রচার করা হলেও, সংশ্লিষ্ট সাক্ষাৎকারে তিনি এমন কোনো মন্তব্য দেননি।
সুতরাং, স্নাইপার প্রসঙ্গে সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Channel One News: অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের খবর; মুখোমুখি সাখাওয়াত হোসেন

