উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে একাধিক সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ছবি যুক্ত করে গণমাধ্যম কালের কণ্ঠের লোগো ও ডিজাইন সংবলিত একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এর মধ্যে একটি ফটোকার্ডে এম সাখাওয়াত হোসেনের ছবি ব্যবহার করে শিরোনামে দাবি করা হয়, ‘প্রতিনিয়ত বাংলাদেশের নারী সমাজ তাদের স্বাধীনতা হারাচ্ছে, তাদের কর্মসংস্থান ছোট হচ্ছে, ভবিষ্যতে অনিশ্চিত, কিছু বিচারবহির্ভূত কাজ ও হচ্ছে’।

একইভাবে আরেকটি ফটোকার্ডে এম সাখাওয়াত হোসেনের ছবি ব্যবহার করে দাবি করা হয়, ‘বিগত কিছু দিন যাবত পাকিস্তানের অর্থনৈতিক মডেল বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের স্বপ্ন পাকিস্তান এমন স্বপ্ন যারা দেখে তারাই দেশের শত্রু’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,সমসাময়িক বিষয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এর মন্তব্য দাবিতে কালের কণ্ঠ উল্লিখিত ফটোকার্ডগুলো বা কোনো সংবাদ প্রচার করেনি এবং উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও এমন কোনো মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন শিরোনামের আরেকটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত কোনো দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দুটি ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলোতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ২১ জানুয়ারি ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডগুলোর শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়চ যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে কালের কণ্ঠের লোগো এবং এম সাখাওয়াত হোসেনের ছবির মিল রয়েছে, উভয়ের শিরোনামে ভিন্নতা থাকলে সম্পাদিত ফটোকার্ডে উল্লেখিত ২১ জানুয়ারি ২০২৬ তারিখও মূল ফটোকার্ডে অভিন্ন রয়েছে। মূলত, পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন’ শিরোনামে কালের কণ্ঠের উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পৃথকভাবে আলোচিত দুইটি ফটোকার্ডের শিরোনামগুলো প্রতিস্থাপন করে এসব ফটোকার্ড তৈরি করা হয়েছে।

কালের কণ্ঠের উক্ত ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, এম সাখাওয়াত হোসেনের নামে কালের কণ্ঠের লোগো ও ডিজাইন সংবলিত ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।

সুতরাং, সমসাময়িক বিষয়ে এম সাখাওয়াত হোসেনের নাম জড়িয়ে কালের কণ্ঠের নামে প্রচারিত উল্লেখিত ফটোকার্ডগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: