সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৪ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেননি সালাহউদ্দিন আহমেদ। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। সালাহউদ্দিন আহমেদের মতো ব্যক্তি এমন ঘোষণা দিলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
পরবর্তীতে, সালাহউদ্দিন আহমেদের ফেসবুক প্রোফাইল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Salahuddin Ahmed – Facebook Account
- Ministry of Home Affairs – Facebook page


