শিক্ষার্থীদের রাস্তা অবরোধ বন্ধ করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

বন্যা ও বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রে ভুল, শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
এরই প্রেক্ষিতে, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘আজ থেকে রাস্তা অবরোধ করা পরিপূর্ণ বন্ধ। যারা রাস্তায় নামবে তাদের জন্য কঠোর আইন প্রয়োগ করা হবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনে রাস্তা অবরোধ বন্ধ করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানের অংশ হিসেবে সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও ফেসবুক অ্যাকাউন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে সেটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনে রাস্তা অবরোধ বন্ধ করার বিষয়ে এমন মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৬ জুলাই সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেককে দেখা যায় ছাত্রই না, পরীক্ষার্থী না।
সুতরাং, শিক্ষার্থীদের আন্দোলনে রাস্তা অবরোধ বন্ধ করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Salahuddin Ahmed – Facebook Account
- Ministry of Home Affairs – Facebook page
- Jugantor – ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

