হাদি হত্যা প্রসঙ্গে আ.লীগ-জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘ভারতের মমতার কথাই এটাই ইঙ্গিত পায়-হাদি হত্যাকাণ্ডে জামাতকর্মীরা জড়িত। তাহলে হুদাই এতদিন আওয়ামী লীগের দোষ চাপানো! ঠিক ছিলো কি?’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি অন্তত ৮ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাদি হত্যা প্রসঙ্গে আ.লীগ-জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও ফেসবুক অ্যাকাউন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে সেটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যায় জামায়াত জড়িত থাকার বিষয়ে এমন মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হারের পর গত ২ জুন কলকাতার ধর্মতলায় প্রথম জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত জনসভা তিনি দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘দেশের স্বার্থে’ এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? সবটাই জানি।’

সুতরাং, হাদি হত্যা প্রসঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: