জিয়াউর রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব দিয়েছিলেন শীর্ষক মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (২৮ এপ্রিল) পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ করানো শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব দিয়েছিলেন’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব দিয়েছিলেন’ শীর্ষক মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে ২৯ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। ‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সালাউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সালাউদ্দিন আহমেদ ‘সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব দিয়েছিলেন’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Salahuddin Ahmed BNP – Facebook Page
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post

