নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমেদের মন্তব্য দাবিতে ডিবিসির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না’ শীর্ষক মন্তব্যটি করেননি। এছাড়াও ডিবিসি নিউজও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি বরং, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগো রয়েছে এবং ফটোকার্ডটি প্রচারের তারিখের স্থলে ‘৩০ শে মে’ লেখা দেখতে পাওয়া যায়। এই সূত্র ধরে অনুসন্ধান করে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ৩০ মে ‘শুধু বিএনপি নয়, পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায়’ শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ব্যতীত বাকি সব উপাদানের মিল রয়েছে। পাশাপাশি লক্ষ্য করা যায় যে, উক্ত ফটোকার্ডের ছবি ডান দিকে স্ট্রেচ করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করার কারণে পাশের লাল রঙের দাড়ির ব্যক্তিকে এবং ‘৩০ শে মে ২০২৫’ লেখাটির ২০২৫ লেখাটি তাতে দেখা যাচ্ছে না। মূলত, উক্ত ফটোকার্ডটিতে থাকা শিরোনামটি ও ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়াও সালাহউদ্দিন আহমেদ বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে আলোচিত মন্তব্যটি করেছেন কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে অন্যকোনো গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না’ শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • DBC News Facebook Page Post
  • Rumor Scanner’s Analysis
Share: