‘সেনাবাহিনী মাঠে না থাকলে আ.লীগকে ঠেকানো যাবে না’ শীর্ষক মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘সেনাবাহিনী মাঠে না থাকলে আ.লীগকে ঠেকানো যাবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। সালাহউদ্দিন আহমেদের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ৫ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচার হতে দেখা যায়।
‘Gupto Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘This is Gupto TV | একটি Satire & Parody platform All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন’ (অনূদিত)।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, সালাহউদ্দিন আহমদ’এর ফেসবুক প্রোফাইল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, দেশীয় গণমাধ্যম The News এর ওয়েবসাইটে ২৮ এপ্রিল প্রকাশিত প্রতিবেদন থেকে সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়। তখন তিনি বলেন ‘বিদ্যমান আইন অনুযায়ী সরকারের চাহিদা অনুসারে সেনাবাহিনী মাঠে আছে। পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা মাঠে আছেন। পর্যায়ক্রমে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।’ গত ২১ মে যুগান্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই প্রসঙ্গে সেনাপ্রধানের বক্তব্য পাওয়া যায়। সেখান থেকে জানা যায় “২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের প্রয়োজনে যেকোনো সময় আমরা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।”
সুতরাং, ‘সেনাবাহিনী মাঠে না থাকলে আ.লীগকে ঠেকানো যাবে না’ শিরোনামে সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jugantor – সেনাবাহিনীর প্রতি জাতি কৃতজ্ঞ
- Salahuddin Ahmed – Facebook Profile
- Ministry of Home Affairs – Facebook page

