স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাবির শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি এককভাবে ১৩ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৭২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে ঢাবির শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, তিন দফা দাবিতে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে গত বছরের ১৫ ডিসেম্বরে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কার্যালয় ঘেরাও কর্মসূচির দৃশ্যের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর ফেসবুক পেজে গত বছরের ১৫ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। দুই ভিডিওতেই কিছু ব্যক্তিদের পোশাক, অবস্থান ও সামগ্রীর হুবহু মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে দুইটি একই ঘটনার ভিডিও। ভিডিও সম্পর্কে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুলিশের ব্যারিকেড ভে’ঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্রজনতা’।

এছাড়াও, আরো একাধিক গণমাধ্যমে আলোচিত ঘটনার ভিডিও পাওয়া যায়। সেসব ভিডিওতেও বলা হয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ডাকসু নেতাদের যাওয়ার ভিডিও।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে গত বছরের ১৫ ডিসেম্বরে ‘সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ‘শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে’ গত বছরের ১৫ ডিসেম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি হয়েছে। গত ১৫ ডিসেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রজনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সেদিন বেলা ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেয়।
এ বিষয়ে গত ১৪ ডিসেম্বরে সাদিক কায়েমের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায় যাতে ঘেরাও এর ডাক দেওয়া হয়। পোস্টে বলা হয়, ‘আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও।’ এই কর্মসূচির জন্য তিনি জমায়েতের স্থান হিসেবে ডাকসু ভবন ও সময় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর দুপুর ১২টার কথা উল্লেখ করেছিলেন।
উল্লেখ্য যে, প্রচারিত ভিডিওর অডিওর শেষাংশেও ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে’ বলতে শোনা যায়।
সুতরাং, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে ঢাবির শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে গত বছরের ১৫ ডিসেম্বরে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কার্যালয় ঘেরাও কর্মসূচির ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Barta Bazar – পুলিশের ব্যারিকেড ভে’ঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্রজনতা
- Star News – ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ডাকসু নেতারা
- Dhaka Report – পুলিশের ব্যারিকেড ভে’ঙে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছেন ডাকসু নেতারা..
- Ekattor TV – স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ডাকসুর | Shadik Kayem | Ekattor TV
- Prothom Alo – সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
- Md Abu Shadik – Facebook Post
- Rumor Scanner’s analysis

