রামিসা হত্যা–ধর্ষণকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী, ইত্তেফাকের নামে সম্পাদিত ফটোকার্ড

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন দাবিতে ‘আমাদের মান ইজ্জত এতো সহজে যায় না। লামিয়া দর্শনে এবং হত্যার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা’ শীর্ষক শিরোনামে দৈনিক ইত্তেফাকের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালাহউদ্দিন আহমদ ‘রামিসাকে ধর্ষনের এবং হত্যার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা’ শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং দৈনিক ইত্তেফাকও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দৈনিক ইত্তেফাক কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের লোগো আছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে গত ২২ মে ‘রামিসার হ’ত্যাকারীর DNA টেস্ট করতে হবে। এর জন্য আমাদের সিআইডির ল্যাবে আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলেছে। এ টেস্টে ৪৮ ঘণ্টা সময় লাগেই’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে দৈনিক ইত্তেফাকের লোগো এবং সালাহউদ্দিন আহমদের ছবি মিল রয়েছে। তবে, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও ইত্তেফাকের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, দৈনিক ইত্তেফাকের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত ‘দৈনিক ইত্তেফাকের’ ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আগামী রোববারের বিকেলের মধ্যেই আদালতে দাখিল করা হবে। পুলিশ বিভাগ অত্যন্ত দ্রুততার সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। বর্তমানে ডিএনএ টেস্টের কাজ চলছে, যা সিআইডি ল্যাবে সম্পন্ন হচ্ছে। বৈজ্ঞানিক এই পরীক্ষার জন্য ৪৮ ঘণ্টা সময়ের প্রয়োজন। আশা করছি, রোববার দুপুরের মধ্যে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে এবং বিকালের মধ্যেই আমরা আদালতে চার্জশিট দাখিল করতে পারব।
পরবর্তীতে, সালাহউদ্দিন আহমদের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত শিরোনাম সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও এমন মন্তব্যের অস্তিত্ব মেলেনি।
সুতরাং, সালাহউদ্দিন আহমদ ‘রামিসাকে ধর্ষন এবং হত্যার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক ইত্তেফাকের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Ittefaq – Facebook Page
- Daily Ittefaq – Website
- Daily Ittefaq – YouTube Channel
- Daily Ittefaq – Facebook Post
- Salahuddin Ahmed – Facebook Profile

