ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে রাকসু জিএস আম্মারের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে উদ্ধৃত করে ‘জামায়েত ইসলামি জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে ইসলামি আন্দোলন চরমোনায়ের নেতাকর্মীদের যেখানে পাবেন সেখানে হ*ত্যা করবেন। আমি আম্মার ঘোষণা দিলাম’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডারের লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসলামি আন্দোলন বাংলাদেশকে জড়িয়ে সালাহউদ্দিন আম্মার এমন কোনো মন্তব্য করেননি এবং অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডারও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিইউ ইনসাইডার কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডারের লোগো রয়েছে।
উল্লেখিত তথ্যাবলীর সূত্র ধরে ডিইউ ইনসাইডারের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, ডিইউ ইনসাইডারের ফেসবুক পেজে গত ১৫ ডিসেম্বর ‘সরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাবে তাকে এক কোটি টাকা দেওয়া হবে’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবি ও ডিইউ ইনসাইডারের লোগো রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামের পার্থক্য আছে। এছাড়া, ডিইউ ইনসাইডারে ব্যবহৃত শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিইউ ইনসাইডারের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, সালাউদ্দিন আম্মারের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও, সালাহউদ্দিন আম্মারের মতো আলোচিত ছাত্র নেতা এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, সালাউদ্দিন আম্মারকে উদ্ধৃত করেইসলামী আন্দোলন বাংলাদেশকে জড়িয়ে ডিইউ ইনসাইডারের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DU Insider – Facebook Page
- DU Insider – Facebook Post
- Salahuddin Ammar – Facebook Profile
- Rumor Scanner’s Own Analysis

