শেখ হাসিনার বিষয়ে সালাহউদ্দিন আহমেদের মন্তব্য দাবিতে বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আমার বড় বোন মনে করি শালাউদ্দিন আহমেদ’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে নিয়ে সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাদেশ প্রতিদিনও এমন কোনো সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ প্রতিদিনের লোগো যুক্ত করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাদেশ প্রতিদিনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৮ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে বাংলাদেশ প্রতিদিনের প্রচলিত ফটোকার্ডের শিরোনাম এবং তারিখে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

পরবর্তীতে সালাহউদ্দিন আহমদের ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায় না। এছাড়া, আলোচিত তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্রে বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। সালাহউদ্দিন আহমদের মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু এই বিষয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।
সুতরাং, সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে শেখ হাসিনাকে জড়িয়ে বাংলাদেশ প্রতিদিনের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis
- Salauddin Ahmed : Facebook Profile
- Bangladesh Pratidin – Facebook Page
- Bangladesh Pratidin – Website
- Bangladesh Pratidin – YouTube

