‘হাদি ভক্ত সোহেল কখনই রামিসার ধর্ষণ করতে পারে না’ শীর্ষক মন্তব্য করেননি সালমান মুক্তাদির

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা গত ১৯ মে রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে সালমান মুক্তাদির বলেছেন, ‘হাদি ভক্ত সোহেল কখনই রামিসার ধর্ষণ করতে পারে না। DNA Test করলে আমি নিশ্চিত সোহেল নির্দোষ প্রমাণিত হবে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হাদি ভক্ত সোহেল কখনই রামিসার ধর্ষণ করতে পারে না, DNA Test করলে আমি নিশ্চিত সোহেল নির্দোষ প্রমাণিত হবে’ শীর্ষক মন্তব্য করেননি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Bangladesh Democratic Student Movement – BDSM’ নামের একটি ফেসবুক পেজে গত ২১ মে তারিখে আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Bangladesh Democratic Student Movement – BDSM’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে পেজের ক্যাটাগরি হিসেবে ‘Satire/Parody’ এর উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, সালমান মুক্তাদির ‘হাদি ভক্ত সোহেল কখনই রামিসার ধর্ষণ করতে পারে না, DNA Test করলে আমি নিশ্চিত সোহেল নির্দোষ প্রমাণিত হবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Democratic Student Movement – BDSM – Facebook Post
- Rumor Scanner’s analysis

