তারেক রহমান ও ছাত্রী সংস্থাকে জড়িয়ে জামায়াতের আমীরের মন্তব্য দাবিতে সমকালের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘তারেক রহমান ঝগড়া করতে এলে ছাত্রী সংস্থার কর্মীরা যথেষ্ট’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমান ঝগড়া করতে এলে ছাত্রী সংস্থার কর্মীরা যথেষ্ট: জামায়াত আমির’ শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া, ডা. শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, সমকালের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সমকালের লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৮ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ২৮ জানুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমেও উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, সমকালের ফেসবুক পেজে গত ২৮ জানুয়ারি ‘কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেওয়া হবে না: জামায়াত আমির’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। এছাড়াও সমকালের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থেকে প্রাপ্ত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ জানুয়ারি খুলনার সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কারও পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না,কিন্তু কেউ ঝগড়া বাধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না।’ তবে, প্রতিবেদনে তারেক রহমান ও ছাত্রী সংস্থার নাম জড়িয়ে কোনো মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমান ও ইসলামী ছাত্রী সংস্থাকে জড়িয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

