সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দৈনিক ‘সমকাল’ -এর একটি নিউজ ফটোকার্ড প্রচারিত হয়। যাতে লেখা ছিল, ‘ইতিহাস হয়ে থাকবে শেখ হাসিনার ভয়ে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল।’ পোস্টে আরও উল্লেখ ছিল যে রাজনীতি থেকে বিদায় নেওয়ার পথে নেতারা।

টিকটকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। পোস্টটি প্রায় ৬২ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইতিহাস হয়ে থাকবে শেখ হাসিনার ভয়ে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল।’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলধারার গণমাধ্যম সমকালের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে সমকালের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সমকালের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২০ অক্টোবর সমকালের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন: মির্জা ফখরুল’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘ইতিহাস হয়ে থাকবে শেখ হাসিনার ভয়ে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে জানা যায়, ঢাকার কাকরাইলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব ঐক্য হারিয়ে ফেলেছে। তিনি মন্তব্য করেন, “চারদিকে যখন অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি।”
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনার ভয়ে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন শীর্ষক মন্তব্য দাবিতে মির্জা ফখরুলকে জড়িয়ে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Samakal – Facebook Post
- Samakal – রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল
- Rumor Scanner’s own analysis


