বাংলাদেশ নিয়ে সান মারিনো ফুটবলের অফিশিয়াল অ্যাকাউন্টের পোস্ট দাবিতে ভুয়া অ্যাকাউন্টের পোস্ট প্রচার

গত ৫ জুন সান মারিনোতে ফিফা প্রীতি ম্যাচে ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের শেষ পর্যায়ে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার হাত ফসকে বল গোললাইন ক্রসও করেছিল, তবে পুরোপুরি অতিক্রম না করায় বাংলাদেশ গোল হজম থেকে রক্ষা পায়। এরই সূত্রে সম্প্রতি অনলাইনে একটি স্ক্রিনশট প্রচার হতে দেখা যায়। স্ক্রিনশটে দেখা যায়, ‘San Marino Fútbol’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে উক্ত দৃশ্যের ছবি সংযুক্ত করে একটি সমালোচনামূলক পোস্ট করা হয় যার শেষ লাইনে দাবি করা হয়, ‘ফিফা বাংলাদেশ চালায়’। এরই প্রেক্ষিতে পরবর্তীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে যে পোস্টটি সান মারিনোর ফুটবল ফেডারেশনের আসল অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত পোস্ট স্টার নিউজ, কালবেলা, খেলাযোগ, বিডিক্রিকটাইম, ক্রিকফ্রেঞ্জি, স্পোর্টসমেইল২৪, মিডফিল্ড ভিডিও, খেলা ৭১।
এ সংক্রান্ত দাবিতে ফেসবুকে পরিচিত অ্যাকাউন্ট/পেজ থেকে প্রচারিত পোস্ট: দ্যা হেডলাইনস, রিয়াসাদ আজিম, শিহাব হাসান নিয়ন, স্টোরিজ উইথ সাইফ, রিফাত মাসুদ, রুকুনুজ্জামান সেলিম।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও, একই এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ও সান মারিনোর জনসংখ্যার অনুপাত নিয়ে করা আরেকটি পোস্টের স্ক্রিনশট প্রচার করে দাবি করা হয়েছে, সান মারিনো ফুটবলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ফিফা বাংলাদেশ চালায়’ দাবিতে প্রচার করা পোস্টটি এবং বাংলাদেশ ও সান মারিনোর জনসংখ্যার অনুপাত নিয়ে করা পোস্টটি সান মারিনো ফুটবলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে করা হয়নি। প্রকৃতপক্ষে, সান মারিনোর ফুটবল নিয়ে আর্জেন্টিনা থেকে পরিচালিত ভুয়া অ্যাকাউন্টের পোস্টকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত পোস্টের বিষয়ে অনুসন্ধানে ‘San Marino Fútbol’ নামক এক্স অ্যাকাউন্টে গত ৬ জুনে আলোচিত পোস্টটি প্রচার হতে দেখা যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে অ্যাকাউন্টের বায়োতে ‘অফিশিয়াল নয়’ লেখার উল্লেখ পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে গত ৬ জুনে বাংলাদেশকে নিয়ে করা ব্যাঙ্গাত্মক পোস্টগুলোর বিষয়ে আরেকটি পোস্ট পাওয়া যায়। পোস্টে লেখা হয়, ‘..টুইটগুলো দেখে কিছু মনে করবেন না; এটা মূলত এই অ্যাকাউন্টের এক ধরণের রসবোধ, যেখানে ম্যাচের প্রতিটি ঘটনাকে নাটকীয় এবং অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়। আমি যা লিখি তার সবই ব্যঙ্গাত্মক—আমার কোনো কথাই বাস্তব নয়; এটাই এই অ্যাকাউন্টের চরিত্র।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)

উক্ত পোস্টের মন্তব্য সেকশনে একজনের প্রত্যুত্তরে অ্যাকাউন্টটি থেকে বলা হয়, তিনি একজন আর্জেন্টাইন এবং এগুলো লাতিন আমেরিকান হিউমার। অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণেও দেখা যায় এটি দক্ষিণ আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে।
পাশাপাশি, সান মারিনো ফুটবলের পরিচালনা পর্ষদ ‘FSGC – Federazione Sammarinese Giuoco Calcio’ এর অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশকে নিয়ে এরূপ কোনো পোস্ট পাওয়া যায়নি।
এছাড়াও, বাংলাদেশ ও সান মারিনোর জনসংখ্যার অনুপাত নিয়ে করা পোস্টটিও ‘San Marino Fútbol’ নামক এক্স অ্যাকাউন্টটিতে পাওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে হওয়া যায় যে ‘ফিফা বাংলাদেশ চালায়’ দাবিতে প্রচার করা পোস্টটি ও জনসংখ্যার অনুপাত নিয়ে করা পোস্টটি সান মারিনো ফুটবলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে করা হয়নি।
সুতরাং, ‘ফিফা বাংলাদেশ চালায়’ দাবি করে সান মারিনো ফুটবলের নামে পরিচালিত ভুয়া অ্যাকাউন্টের পোস্টকে সান মারিনো ফুটবলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

