সম্প্রতি, ‘অবরোধ কিন্তু শুরু হয়ে গেছে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। ভিডিওতে ‘অবৈধ সরকার মানি না মানবো না’ স্লোগান শোনা যায় এবং ভিডিওতে শেখ হাসিনার ছবি যুক্ত করে সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা থাকতেও দেখা যায়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কোনো অবরোধের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি আওয়ামী লীগের কোনো অবরোধের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালে আট দফা দাবিতে ডাকা সনাতনী জাগরণ জোটের সমাবেশের পুরোনো ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Rashed 2.0’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উভয় ভিডিওর দৃশ্যের মিল থাকলেও অডিওতে ভিন্নতা লক্ষ্য করা যায়। ২০২৪ সালের ওই ভিডিওতে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায়। পাশাপাশি ভিডিওতে দেখা যাওয়া এক ব্যক্তির কপালে ‘সনাতনী জোট’ লেখা গেরুয়া রঙের কাপড় দেখা যায়। ভিডিওতে রংপুরের মাহীগঞ্জ কলেজের ফটকও দেখা যায়।
ভিডিওটির শিরোনাম অনুযায়ী, এটি রংপুরের মাহীগঞ্জ কলেজে সনাতনীদের ঢল। এই ক্যাপশনের সঙ্গে ভিডিওতে দেখা যাওয়া বিষয়বস্তুরও মিল রয়েছে।

এসবের সূত্র ধরে ২০২৪ সালের ২২ নভেম্বর কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রংপুর শহর থেকে দূরে মাহীগঞ্জ ডিগ্রি কলেজে ২২ নভেম্বর দুপুরে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ বিভাগীয় সমাবেশ করার অনুমতি পায়।
সময় টিভির ওয়েবসাইটে একই দিন প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, সেদিন রংপুরে আট দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চাসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
সুতরাং, সনাতনী জাগরণ জোটের সমাবেশের পুরোনো ভিডিওকে আওয়ামী লীগের অবরোধের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।


