রোনানকে জড়িয়ে সানিয়া মির্জার নামে ভুয়া মন্তব্য প্রচার

গত ৩ এপ্রিল মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট (পুরুষ) এর ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এতে বাংলাদেশের হয়ে টাইব্রেকারে শেষ গোলটি করেন রোনান সুলিভান৷ গোলের পর রোনান তার দুই হাত দিয়ে একটি বিশেষ উদযাপন করেন যা সাধারণত ফুটবল দুনিয়ায় কেনান ইলদিজ উদযাপন নামে পরিচিত।

এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে যাতে দেখা যায়, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সন্তান ইজহান মির্জা মালিক কেনান ইলদিজ উদযাপনের অনুরূপ একটি উদযাপন করছেন। উক্ত ছবি প্রচার করে দাবি করা হয়েছে, সানিয়া মির্জা বলেছেন, “সাফের ফাইনাল খেলা দেখেই আমার ছেলে রোনানের ফ্যান হয়ে গেছে। তারপর রাতে ওর আইকনিক সেলিব্রেশনটি কপি করেছে।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সানিয়া মির্জার ছেলে রোনান সুলিভানের ভক্ত হয়ে রোনানের উদযাপন নকল করেছে শীর্ষক এরূপ কোনো মন্তব্য করেননি সানিয়া মির্জা। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সানিয়া মির্জার নামে ভুয়া এই বক্তব্যটি প্রচার করা হয়েছে। এছাড়াও, সানিয়া মির্জার ছেলের উদযাপনের ছবিটি সাফ ফাইনালের প্রায় চার দিন আগেই ইনস্টাগ্রামে সানিয়া মির্জা পোস্ট করেছেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সানিয়া মির্জার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে সানিয়া মির্জা এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা দেশিয় ও ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হতো।

পরবর্তীতে ইজহানের করা উদযাপনের ছবির প্রেক্ষাপটের বিষয়ে অনুসন্ধানে সানিয়া মির্জার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩০ মার্চে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়।

পোস্টে ১৩টি ছবির সংযুক্তি পাওয়া যায় যার ৯ম ছবিতে ইজহানকে আলোচিত উদযাপনের অনুরূপ করতে দেখা যায়। তবে পোস্টে রোনান সুলিভানের নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি। অপরদিকে সাফ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে পোস্টটি প্রচারের প্রায় ৪ দিন পর গত ৩ এপ্রিলে।

সুতরাং, সাফের ফাইনালে রোনানের খেলা দেখে সানিয়া মির্জার ছেলে রোনানের ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সানিয়া মির্জা শীর্ষক বক্তব্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: