‘হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম’ দাবিতে সানজিদা তন্বির নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া 

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি সম্প্রতি “হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম।” শীর্ষক মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে অনলাইন মাধ্যমে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সানজিদা আহমেদ তন্বি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে মূল ধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে সানজিদা আহমেদ তন্বির এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি৷

অনুসন্ধানে দৈনিক ভোরের পাতা নামের একটি ভুঁইফোঁড় ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সংবাদের আদলে পোস্ট পাওয়া যায়। এতে দাবি করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অভাবনীয় তথ্য শেয়ার করেছেন আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত সানজিদা তন্বী। তিনি জানিয়েছেন, আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে জনতাকে আরও উজ্জীবিত করতে তিনি মুখে রক্তের বদলে ‘টমেটো সস’ ব্যবহার করেছিলেন।

তবে তন্বির ফেসবুক প্রোফাইলে এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি।

বিশ্লেষণে দেখা যায়, কথিত সংবাদটিতে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা এআই-লিখিত বা এআই এর সহায়তায় সম্পাদিত লেখায় প্রায়ই দেখা যায়। অতিরিক্ত কাঠামোবদ্ধ উপস্থাপন, সূত্রবিহীন ও অনুমানভিত্তিক ভাষা, “বিশ্লেষকরা মনে করছেন” ধরনের অস্পষ্ট দাবি, পুনরাবৃত্তি এবং মতামতকে তথ্যের মতো উপস্থাপন—এসব বৈশিষ্ট্য এআই-লেখার সঙ্গে মিলে যায়।

দাবিটির বিষয়ে জানতে সানজিদা আহমেদ তন্বির সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, ‘হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম’ দাবিতে সানজিদা তন্বীর নামে প্রচারিত মন্তব্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement 
  • AI Analysis 
Share: