সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার পাকিস্তানের পতাকা গায়ে জড়ানো একটি ছবি প্রচার করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা, পাকিস্তানি পতাকায় নিজেকে সিক্ত করলেন সর্বমিত্র।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সবমিত্র চাকমার নামে প্রচারিত ছবিটি সম্পাদিত। প্রকৃতপক্ষে, তিনি বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। উক্ত ছবিকেই সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, সর্বমিত্র চাকমার ফেসবুক অ্যাকাউন্টে গত ১৭ ডিসেম্বর প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে প্রচারিত ছবির পতাকা ব্যতীত বাকি সব উপাদানের মিল রয়েছে। উক্ত ছবিতে সর্বমিত্র চাকমা বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে ছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, গতকাল রাতে বিজয় দিবসের আলোকসজ্জা দেখতে গিয়েছিলাম সংসদ ভবনের সামনে। মাস্ক পরা অবস্থাতেও এক পতাকা বিক্রেতা চিনতে পেরে কুশল বিনিময় করতে এগিয়ে এলেন। পতাকা কেনার আগ্রহ দেখিয়ে দাম জানতে চাইলে তিনি টাকা নিতে নারাজ, “এ পতাকার দাম আমি আপনার থেকে নিতে পারবো না।” এই ভালোবাসা-ই আমার পরম প্রাপ্তি। কাপড়ের দাম হয়তো দেওয়া যায়, কিন্তু পতাকার দাম? তা কি আদৌ দেওয়া যায়?

এছাড়া, সর্বমিত্র চাকমার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে পাকিস্তানের পতাকা গায়ে জড়ানো অবস্থায় তার কোনো ছবি পাওয়া যায়নি। একইভাবে, অন্য কোনো নির্ভরযোগ্য বা বিশ্বস্ত সূত্রেও এমন কোনো ছবির অস্তিত্বের প্রমাণ মেলেনি।
অর্থাৎ, সর্বমিত্রের বাংলাদেশের পতাকা গায়ে জড়ানোর ছবি সম্পাদনা করেই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, পাকিস্তানের পতাকা গায়ে জড়ানো সর্বমিত্র চাকমার এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Sarba Mitra Chakma – Facebook Post
- Rumor Scanner’s Analysis


