গণভোটে সংখ্যালঘুদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়ে সর্বমিত্র চাকমার নামে ভুয়া মন্তব্য প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট যেখানে ব্যালটে থাকা প্রশ্নের জবাবে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ এর মধ্য দিয়ে নিজের মতামত প্রকাশ করবেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন- ‘সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহ উপর আস্থা ও বিশ্বাস এই দুইটি দিতে শব্দ তুলে পেলতে চাইলে সংখ্যা লঘু ভাইয়েরা গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। এইটাই আমাদের জন্য সেরা সুযোগ। জামায়ত শিবির ও চাই না এইগুলো সংবিধানে থাকুক।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টটি ৬০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণভোটে সংখ্যালঘুদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ‘DU Insiders’ নামের এক ফেসবুক পেজের ভিন্ন এক ফটোকার্ড সম্পাদনা করে সর্বমিত্র চাকমার নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, সর্বমিত্র চাকমার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে সর্বমিত্র চাকমা এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরোক্ত অন্তত কোনো এক সূত্রে পাওয়া যেত।

প্রচারিত ফটোকার্ডটি লক্ষ্য করলে তাতে ‘DU Insiders’ নামের একটি লোগো দেখা যায় এবং প্রকাশের তারিখের ১২ জানুয়ারির উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে উক্ত নামে এক ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়। তবে পেজ পর্যবেক্ষণ করে ১২ জানুয়ারি এরূপ কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। তবে একইদিনে ‘DU Insiders’ নামের ফেসবুক পেজে একই ছবি সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ‘DU Insiders’ এর মূল ফটোকার্ডে সর্বমিত্র চাকমার বক্তব্য দাবিতে ‘ডাকসু হওয়ার কথা ছিল নানা আদর্শ, বিশ্বাস ও সংস্কৃতির সম্মিলিত এক উন্মুক্ত পরিসর। কিন্তু কোথাও যেন ধীরে ধীরে ডাকসু এককেন্দ্রিক হয়ে পড়ছে – যা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে আলোচিত বাক্যটি লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘DU Insiders’ নামের ফেসবুক পেজের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস’ থাকবে না শীর্ষক ভুয়া দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহ উপর আস্থা ও বিশ্বাস তুলে ফেলতে চাইলে গণভোটে সংখ্যালঘুদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সর্বমিত্র চাকমা মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: