‘জুলাই যোদ্ধাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না’ বলে মন্তব্য করেননি তাহরিমা জান্নাত সুরভী 

সম্প্রতি ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে উদ্ধৃত করে ‘জুলাই যোদ্ধাদের এভাবে হেনস্তা করলে আমাদের আ/ত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। এটাই কি নতুন বাংলাদেশ?’ শিরোনামে তার ছবি যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ) ।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই আন্দোলনের যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ১৮ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, তাহরিমা জান্নাত সুরভীর ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করলে আলোচিত ঘটনা নিয়ে কোনো মন্তব্যও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, তাহরিমা জান্নাত সুরভী ‘জুলাই যোদ্ধাদের এভাবে হেনস্তা করলে আমাদের আ/ত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। এটাই কি নতুন বাংলাদেশ?’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Tahrima Jannat Surovi – Facebook Page
  • Rumor Scanner’s Own Analysis 
Share: